৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

নীরব থাকার কারণ জানালেন বুবলী

Admin Published: January 23, 2026, 12:09 am
নীরব থাকার কারণ জানালেন বুবলী

ডিএনএন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী গত বছর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে কিং খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যান। সামাজিক মাধ্যমে সেই সফরের ছবি ও ভিডিও শেয়ার করার পর থেকেই নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। দেশে ফেরার পর অভিনেত্রীর চলাফেরা ও পোশাক-আশাক ঘিরে নতুন করে গুঞ্জন ছড়াতে থাকে— দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন, এমনই দাবি করেন অনেকে। দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ঘিরে যখন নেটদুনিয়া উত্তাল, ঠিক তখনই নীরবতার পথেই হাঁটতে থাকেন অভিনেত্রী। তবে সেই নীরবতার কারণ এবার নিজেই ব্যাখ্যা করলেন শবনম বুবলী।



গণমাধ্যমের প্রশ্নে এমন পরিস্থিতির মুখে পড়লেও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাননি অভিনেত্রী। বরং ‘পরে কথা হবে’—এই সংক্ষিপ্ত উত্তরেই বিষয়টি এড়িয়ে যান তিনি। আর এতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনা যেন আরও জোরালো হয়েছে। তবে গুজব আর নেতিবাচক মন্তব্য সামাজিক মাধ্যমে হেনস্তা— এসব সামলানোর কৌশল নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে কথা বলেছেন শবনম বুবলী। সেখানে অভিনেত্রী বলেন, এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ও আইডল ছেলে বীরের বাবা শাকিব খান।


তিনি বলেন, শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তার কাছ থেকেই অনেক কিছু শেখা। তিনি সবসময় একটা কথাই বলেন— সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। সবাই যে প্রশ্ন করে, তার পেছনে সদিচ্ছা থাকে, তা নয়। হিংসা, হতাশা থেকে অনেক কথাই বলা হয়। সেসবের জবাব দিতে গেলে কাজটাই আর করা হয় না।


সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো, নেতিবাচক মন্তব্য কিংবা এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও নিয়েও  কথা বলেন অভিনেত্রী। বুবলী বলেন, এখন ভিউই অনেকের কাছে ব্যবসা। ইতিবাচক কথা বললে ভিউ আসে না বলেই ইচ্ছাকৃতভাবে নেতিবাচকতা ছড়ানো হয়। যত মিথ্যা যত গুজব, ভিউ তত বেশি। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মনে করেন তিনি।


অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে এর আগে একটি অনুষ্ঠানে বুবলী বলেছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকাটা স্বাভাবিক এবং তিনি সেটাকে সম্মান করেন। তবে এমন কিছু বিষয়ে কথা বলার জন্য সময় ও উপযুক্ত উপলক্ষ থাকা প্রয়োজন।