স্টাফ রিপোর্টার : মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) নিবন্ধন ও একইসঙ্গে প্রতীক বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়েছে ইসিতে চিঠি দিয়েছে দলটি। বুধবার দলের চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদনপত্র বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর প্রদান করা হয়েছে।
আবেদনে বলা হয়, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিন (বিএলডিপি) নিবন্ধনের আদেশ প্রার্থনা করে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৩ সালে রিট পিটিশন দাখিল করা হয়। পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট ডিভিশন গত ২৭ আগস্ট নির্বাচন কমিশনের প্রতি বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) নিবন্ধন প্রদানের জন্য আদেশ প্রদান করে।
আবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন বিধায় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির নিবন্ধন প্রদান ও একইসঙ্গে ‘হরিণ’ অথবা ‘দোয়াত কলম’ প্রতীক বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়েছে। দলের মহাসচিব মনিরুজ্জামান স্বাধীন বুধবার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।