৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

নিউইয়র্কে কঠোর অবস্থানে পুলিশ

Admin Published: June 10, 2025, 12:38 pm
নিউইয়র্কে কঠোর অবস্থানে পুলিশ

ডিএনএন ডেস্ক: নিউইয়র্ক শহরে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)-বিরোধী বিক্ষোভ চলাকালে গতকাল সোমবার অসংখ্য বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে নিউইয়র্ক পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এখনও সুনির্দিষ্টভাবে কতজনকে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হবে, সে বিষয়ে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু জানানো সম্ভব হয়নি।


পুলিশ জানায়, বিক্ষোভকারীরা রাস্তার ওপর বসে যান চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। বারবার মৌখিকভাবে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করা হলেও তারা তা অমান্য করেন।


নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, ‘হিংসা, সম্পত্তি ধ্বংস অথবা রাস্তা, গেট বা ভবনের প্রবেশপথ আটকে দেওয়ার কোনো সুযোগ নেই।’


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ হলে নিউইয়র্ক পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।’


এ ঘটনার পর নিউইয়র্কের ফেডারেল এলাকা ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 


সূত্র : সিএনএন