২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, আটক ১০৩

Admin Published: September 25, 2026, 5:37 pm
নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, আটক ১০৩

ডিএনএন ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধ, এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা এবং ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ থেকে ১০৩ জনকে আটক করে নিউইয়র্ক পুলিশ। পরে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।


‘জুইশ ভয়েস ফর পিস’ (জেভিপি) জানিয়েছে, বৃহস্পতিবার জাতিসংঘের আশপাশে আয়োজিত বিক্ষোভে ৪০০-এর বেশি মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে অভিনয়শিল্পী, আন্দোলনকর্মী, সংগঠক ও রাজনীতিকরাও ছিলেন।


নেতানিয়াহুর জাতিসংঘের ভাষণের আগে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি পালন করলে ফার্স্ট অ্যাভিনিউয়ের একটি অংশে যান চলাচল ব্যাহত হয়। জেভিপি ও ‘এনওয়াইসি-ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা’ (এনওয়াইসি-ডিএসএ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।




আয়োজকদের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে নয়জন নির্বাচিত জনপ্রতিনিধি অথবা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ছিলেন। তাদের মধ্যে নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়েও ছিলেন।


বিক্ষোভকারীরা জানান, গাজা নিয়ে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতিতে পরিবর্তন না আসা পর্যন্ত তারা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন।


এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে গাজায় ইসরাইলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি অভিযোগটিকে ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’ বলে মন্তব্য করেন। একই বক্তব্যে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিরও সমালোচনা করেন তিনি।


এর প্রতিক্রিয়ায় মামদানি নেতানিয়াহুর বক্তব্যকে ‘ভিত্তিহীন মিথ্যা’ হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে গাজায় ইসরাইলের সামরিক কর্মকাণ্ড নিয়ে নিজের সমালোচনামূলক অবস্থানও পুনর্ব্যক্ত করেন।