স্টাফ রিপোর্টার : নতুন বছরের প্রথম দিনে রাজশাহীতেও শুরু হয়েছে প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা। মাধ্যমিক পর্যায়ের কিছু বই এখনো না পৌঁছালেও প্রাথমিকের চাহিদার শতভাগ বই বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরসমূহ।
রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দফতরের তথ্যমতে, এ বছর রাজশাহী বিভাগের ৮ জেলায় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ১ কোটি ২৭ হাজার ১৮৫টি। এ চাহিদার বিপরীতে শতভাগ বই পাওয়া গেছে বলে জানিয়েছে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক মো. সানাউল্লাহ।
অন্যদিকে জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের তথ্য মতে, রাজশাহী জেলাতে মাধ্যমিক, ইবতেদায়ি ও দাখিল এবং এসএসসি ভোকেশনালের ষষ্ঠ থেকে নবম শ্রণি পর্যন্ত মোট ৩৭ লাখ ৪ হাজার ৩০২টি বইয়ের চাহিদার বিপরীতে ১৮ লাখ ৮ হাজার ১৪৬টি বই পাওয়া গেছে।
এদিকে সকাল ১০টায় জেলার পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক নতুন বই তুলে দেয়া হয়।
নতুন বই হাতে পেয়ে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান হাসান উচ্ছ্বাস প্রকাশ করে বলে, নতুন বছরের প্রথম দিনেই বই পেয়ে খুব ভালো লাগছে। নতুন বই মানেই নতুন প্রস্তুতি। বইগুলো হাতে পেয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করতে পারব।
একই বিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা নিশাত নতুন বই হাতে পেয়ে নিজের অনুভূতি জানিয়ে বলে, নতুন বইয়ের গন্ধ আর নতুন পাতা উল্টানোর আনন্দ আলাদা। উৎসব না হলেও বই পেয়ে খুব খুশি হয়েছি।
নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী বলেন, শিক্ষাবর্ষের শুরুতেই বই না পেলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। পাঠ্যবই হাতে থাকলে শিক্ষার্থীরা ক্লাসের পাঠ অনুসরণ করতে পারে এবং বাড়িতে পড়াশোনার পরিকল্পনা করতে সুবিধা হয়।
প্রসঙ্গত, রাষ্ট্রীয় শোকের কারণে এবার কোনো উৎসব আয়োজন না থাকলেও রাজশাহী নগর ছাড়াও উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে বই সংগ্রহ করেছে।