ডিএনএন ডেস্ক: দেশের ক্রিকেটাঙ্গনে বাড়তি উত্তেজনা যোগ করতে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই টুর্নামেন্টের তিনটি দল, অধিনায়ক ও কোচের নাম আগেই ঘোষণা করেছিল। এবার প্রকাশ করা হয়েছে তিন দলের পূর্ণ স্কোয়াড ও ম্যাচ সূচি।এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। প্রতিটি দল গঠন করা হয়েছে ১৭ জন ক্রিকেটার নিয়ে।
জাতীয় দলের নিয়মিত তারকাদের নিয়ে সাজানো হয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ। অন্যদিকে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশকে, যেখানে খেলছেন জাতীয় দলের আশপাশের ক্রিকেটাররা।
আর আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশে দুজন ছাড়া বাকি ক্রিকেটারদের এখনো জাতীয় দলে অভিষেক হয়নি।
কোচিং স্টাফেও রয়েছে অভিজ্ঞতার ছোঁয়া। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী তুষার ইমরান। আর দুরন্ত একাদশের কোচের দায়িত্বে বিপিএল জয়ী হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত। পরদিন ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার। আর ৭ ফেব্রুয়ারি দুর্বার ও দুরন্তের লড়াই দিয়ে শেষ হবে লিগ পর্ব। ৯ ফেব্রুয়ারি সেরা দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।
সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। ম্যাচ শুরুর আগে দর্শকদের জন্য থাকবে দুই ঘণ্টাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
মাঠে বসে খেলা উপভোগ করতে দর্শকদের গুনতে হবে সর্বনিম্ন ১০০ টাকা। পূব গ্যালারির টিকিট ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা। ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য সর্বোচ্চ ১ হাজার টাকা।
ধূমকেতু একাদশের স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশের স্কোয়াড
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।
দুরন্ত একাদশের স্কোয়াড
জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আবদুল গাফ্ফার সাকলাইন, এমএস মেহরব, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।