ডিএনএন ডেস্ক: আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের অক্টোবরের মধ্যে এ নির্বাচন শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে রোডম্যাপ তৈরির কাজ করছে।
ব্রিফিংয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনগণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বন্ধে সরকারের উদ্যোগের কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির বিষয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমান আইনি কাঠামোয় এসব মন্তব্য অপরাধ হিসেবে গণ্য হবে কি না, সে বিষয়ে আলোচনা প্রয়োজন।