৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

অসহযোগ আন্দোলন নিয়ে আসিফের ১৫ নির্দেশনা

Admin Published: August 3, 2024, 1:53 pm
অসহযোগ আন্দোলন নিয়ে আসিফের ১৫ নির্দেশনা

ডিএনএন ডেস্ক : একের পর এক কর্মসূচি ঘোষণা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে আজ শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ করবে তারা। একইসঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

এসব কর্মসূচি বাস্তবায়ন ও চলমান এই আন্দোলন সফল করতে ছাত্র-জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সমন্বয়ক আসিফ মাহমুদ এসব নির্দেশনা দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ১৫টি নির্দেশনা দেন।

জরুরি নির্দেশনা হলো-

১। কেউ কোনো ধরণের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না। ২। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোনো ধরণের বিল পরিশোধ করবেন না। ৩। সকল ধরণের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। ৪। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে। ৫। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরণের রেমিট্যান্স দেশে পাঠাবেন না। ৬। সকল ধরণের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন। ৭। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না! কোনো ধরণের পণ্য খালাস করবেন না। ৮। দেশের কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টসকর্মী ভাই বোনরা কাজে যাবেন না! ৯। গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না। ১০। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববারে ব্যাংকগুলো খোলা থাকবে। ১১। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরণের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু মাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে। ১২। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রান্জেকশন বন্ধ থাকবে। ১৩। বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে। ১৪। আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। ১৫। বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপনী-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।

এর আগে গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামীকাল সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।