২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

অশোভন আচরণে এক ম্যাচ নিষিদ্ধ তাওহীদ, ক্ষোভ প্রকাশ

Admin Published: April 12, 2025, 11:18 pm
অশোভন আচরণে এক ম্যাচ নিষিদ্ধ তাওহীদ, ক্ষোভ প্রকাশ

ডিএনএন ডেস্ক: আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ হয়ে গেল মিরপুর শের-ই-বাংলায়। এই ম্যাচকে ঘিরে ব্যাট-বলে তেমন কোনো উত্তেজনা, রোমাঞ্চ ছড়ায়নি। মোহামেডান শুরু থেকে দাপট দেখিয়েছে। আবাহনী এক পর্যায়ে ফিরে লক্ষ্য নাগালে রেখেছিল। বোলিংয়ে মোহামেডান আবার দাপট দেখায়। জুটি গড়ে আবাহনীও দেয় জবাব। কিন্তু শেষ পর্যন্ত মোহামেডানের দলগত পারফরম্যান্সে আবাহনীকে হার মানতে হয়।


তবে ইবাদত হোসেনের বলে মোহাম্মদ মিঠুনের এক এলবিডব্লিউ আবদেনকে ঘিরে কথা কাটাকাটি হয়েছে। সেটাও অনফিল্ড দুই আম্পায়ার তানভীর ও সৈকতের সঙ্গে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমের। আম্পায়ারের থেকে আউটের সাড়া না পেয়ে ইবাদতও অশোভন আচরণ করেছেন। ড্রেসিংরুমের দিকে তাক করে আঙ্গুল তুলে চিৎকার করতে দেখা গেছে তাকে। পরিস্থিতি এতোটাই বাড়াবাড়ি পর্যায়ের ছিল যে মিনিট তিনেক খেলা বন্ধ ছিল।


আম্পায়ার তানভীরকে বেশ কিছুক্ষণ কথা শোনাচ্ছিলেন তাওহীদ। তাকে সেখান থেকে সরাতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় সৈকতকে। তার শারীরিক ভাষা, অবয়ব কোনোভাবেই ভালো দেখাচ্ছিল না। এক পর্যায়ে মুশফিকুর রহিম সেই তর্কে লিপ্ত হন। পরিবর্তীতে মিরাজ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।