১৬ বৈশাখ, ১৪৩৩
২৯ এপ্রিল, ২০২৬

অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার

Admin Published: April 29, 2026, 2:16 pm
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার

ডিএনএন ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তাররা হলেন- মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।


মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের একটি দল।


বুধবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 


পুলিশ জানায়, কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে এবং একইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।


অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জামসহ বিভিন্ন বই ও লিফলেট উদ্ধার করা হয়।


পুলিশ সূত্র জানায়, ধারণা করা হচ্ছে গ্রেপ্তাররা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্ত হামলার পরিকল্পনায় জড়িত ছিল। এ উদ্দেশ্যে তারা অস্ত্র, গুলি, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে সংঘবদ্ধ হচ্ছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।