স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় মাটিতে পড়ে থাকা একটি অসুস্থ ঈগল উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করেছেন বাবু হোসেন (৫১) নামের এক কৃষক। সোমবার দুপুরে উপজেলার একটি আমবাগান থেকে ঈগলটি উদ্ধার করা হয়।
কৃষক বাবু হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাঠে ঘাস সংগ্রহ করতে যাচ্ছিলেন। এসময় গ্রামের এক আমবাগানের পাশে একটি বড় ঈগলকে মাটিতে পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি দুর থেকেই ওড়ানোর চেষ্টা করলেও ঈগলটি উড়তে পারছিল না। পরে কাছে গিয়ে ঈগলটির এক পা দিয়ে রক্ত ঝরছে। পরে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন। স্থানীয় প্রাণি চিকিৎসক আনোয়ার হোসেনকে ডেকে প্রাথমিক চিকিৎসা করান। এতে ঈগলটি কিছুটা সুস্থ হয়ে ওঠে। পরে তিনি সেটি নিয়ে হাজির হন ইউএনও অফিসে। বাগমারার ইউএনও মাহবুবুল ইসলাম ঈগলটি গ্রহণ করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানোর উদ্যোগ নেন।
স্থানীয় প্রাণি চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, কৃষক বাবু হোসেন তাকে ডেকে অসুস্থ ঈগলের চিকিৎসা করান। ঈগলটির বাঁ পায়ে ক্ষত হয়েছে। আকাশে দুই ঈগলের লড়াইয়ের কারণে এমন হয়েছে। ঈগলটির ওজন প্রায় চার কেজি বলে জানান তিনি।
বাগমারার ইউএনও মাহবুবুল ইসলাম কৃষক বাবুর প্রশংসা করে বলেন, এখনো সচেতন মানুষ আছেন। তার কারণে ঈগলটি বেঁচে গেল। তিনি বলেন, ঈগলটির চিকিৎসা শেষে নিরাপদ আশ্রয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।