৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

অ্যাকশন সিনেমায় আরিফিন শুভর নায়িকা মিম

Admin Published: November 30, 2025, 11:23 pm
অ্যাকশন সিনেমায় আরিফিন শুভর নায়িকা মিম

ডিএনএন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ শুটিং শুরু করেছেন তার আসন্ন নতুন সিনেমার। তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এই জুটির একসঙ্গে কাজের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


জানা গেছে, নতুন সিনেমায় শুভকে দেখা যাবে সম্পূর্ণ অ্যাকশন অবতারে। ‘আব্বাস’ ও ‘লোকাল’ খ্যাত পরিচালক সাইফ চন্দন পরিচালনা করছেন সিনেমাটি। বর্তমানে শুটিং চলছে রাজশাহী ও নাটোর অঞ্চলে। এই সিনেমার মাধ্যমে শুভ ও মিম তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন।


এরই মধ্যে সিনেমার শুটিংয়ের একটি ছবি ফাঁস হয়েছে, যা দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়েছে।


ছবিতে দেখা গেছে, শুভর লম্বা চুল, পুরো শরীর রক্তমাখা, এবং দুই হাতে রক্তাক্ত কুড়াল, যা তার অ্যাকশনধর্মী চরিত্রের ইঙ্গিত দিচ্ছে।


যদিও সিনেমাটি নিয়ে সংশ্লিষ্ট কেউ এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি, তবে সূত্র জানায়, শুভ-মিম অভিনীত এই সিনেমার একাধিক নাম প্রাথমিকভাবে রাখা হলেও চূড়ান্ত নাম এখনও নির্ধারিত হয়নি। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে এক সপ্তাহ ধরে শুটিং চলছে।