১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

পাঠদানের অনুমোদন জটিলতায় রাজশাহীর চারশতাধিক কিন্ডারগার্টেন

Admin Published: December 17, 2024, 5:37 pm
পাঠদানের অনুমোদন জটিলতায় রাজশাহীর চারশতাধিক কিন্ডারগার্টেন

স্টাফ রিপোর্টার : নতুন (২০২৫) শিক্ষাবর্ষের ভর্তি সামনে রেখে পাঠদানের জটিল প্রক্রিয়ায় পড়েছে রাজশাহীর চারশতাধিক কিন্ডারগার্টেন স্কুল। বছরের শেষ সময়ে এসেও জেলা ও নগরে অন্তত ৪০০ কিন্ডারগার্টেন স্কুলের পাঠদানের কোন অনুমতি মেলে নি। এ নিয়ে চরম বিপাকে পড়েছেন  স্কুল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিভাবকরা।

সংশ্লিষ্টরা জানান, কিন্ডারগার্টেন স্কুলের পাঠদানের বিষয়ে আগে কোনো সুনির্দিষ্ট নীতিমালার অনুসরণ ছিল না। তবে বিগত সরকারের আমলে ব্যক্তি মালিকানাধীন এসব স্কুলের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হয়। ২০২৩ সালের ১১ নভেম্বর এ সংক্রান্ত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যাও প্রকাশ করা হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী প্রাথমিক পর্যায়ে এসব স্কুলকে থানা শিক্ষা অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাঠদানের অনুমতি নিতে বলা হয়। গেজেট অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় পাঠদানের অনুমতি পেয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। তবে ব্যতিক্রম রাজশাহী জেলা।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত রাজশাহী নগরী ও জেলায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের অনুমতি পায় নি। যদিও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের অনুমতি গ্রহণের আবেদন সম্পন্ন করে সংশ্লিষ্ট থানা শিক্ষা অফিসে আবেদন জমা দিয়েছেন।

আবেদন জমাদানকারী প্রতিষ্ঠান প্রধানরা জানান, থানা শিক্ষা অফিস তাদের আবেদন অনুমোদন করে ব্যবস্থাপনা কমিটির অংশটুকু জেলা প্রশাসক অফিসে পাঠিয়েছেন। তবে জেলা প্রশাসন অফিস এ বিষয়ে কোনো কাজ করছে না। খোঁজ নিতে গেলে তারা শিক্ষকদের নানা অবান্তর কথা বলছেন। অনেকে দুর্ব্যবহারের শিকার হয়েছেন।

স্কুল সংশ্লিষ্টরা অভিযোগ করে জানান, রাজশাহী জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার অফিস সহকারী দুরুল হুদা স্থানীয় বাসিন্দা হওয়ায় নিজেকে ওই কক্ষের ‘বড়বাবু’ পরিচয় দেন এবং সেবা গ্রহীতাদের হয়রানি করেন। ফ্যাসিস্ট সরকারের দোসর বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার ফোন রিসিভ করেন নি।