স্টাফ রিপোর্টার : পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশ থেকে চিরতরে ফ্যাসিজমের পথ রুদ্ধ হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেই জন্যই পিআর পদ্ধতির দাবী করছে জামায়াতে ইসলামী।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনায় সমাধান হচ্ছে না বলে ৫ দফা দাবি দিয়ে আন্দোলনে যাচ্ছেন তারা।
শুক্রবার বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার বড় মসজিদের সামনে পাঁচ গণদাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না। অনেকেই আমাদের বলছেন, আলোচনায় থাকা সত্ত্বেও কেন আপনারা আন্দোলনে যাচ্ছেন। তার কারণ আলোচনা করা সত্ত্বেও কোনো সমাধান হচ্ছে না। কোনো কিছুর চাপের মুখে সরকার এক শুভঙ্করের ফাঁকির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আন্দোলন রাজনীতির অংশ।
মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশ থেকে চিরতরে ফ্যাসিজমের পথ রুদ্ধ হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সবচাইতে উপযুক্ত সরকার। সরকারকে বলব, কোনো সঙ্কট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে আপনি নির্বাচন অনুষ্ঠান করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে আবারো ফ্যাসিজমের জন্ম হবে, আরেকটি হাসিনা সরকারে জন্ম হবে।’
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক। কিন্তু দেখা যাচ্ছে, একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা দাবি করেছি, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিতে হবে। ৫ আগস্ট ড. ইউনূস জুলাই ঘোষণা পেশ করেছিলেন। সেই ড্রাফটটা একটা বিশেষ মহলের প্ররোচণায় পড়ে জনআকাঙ্খাবিরোধী অনেক কিছু উপস্থাপন করা হয়েছিল। আমরা সেটা সংশোধন করতে বলেছিলাম। যদি নির্বাচনের আগে তা সংশোধন করা না হয়, তবে দেশ মহাবিপর্যয়ের মধ্যে পড়তে পারে।
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী সমাবেশে সভাপতিত্ব করেন। মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও জেলার সেক্রেটারি গোলাম মোর্তুজা সমাবেশ সঞ্চালনা করেন।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, মহানগরীর সহকারী সেক্রটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল প্রমুখ। পরে জামায়াতের পাঁচদফা দাবিতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।