৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

পরিত্যক্ত কানপুর টেস্টের দ্বিতীয় দিন

Admin Published: September 28, 2024, 2:47 pm
পরিত্যক্ত কানপুর টেস্টের দ্বিতীয় দিন

ডিএনএন ডেস্ক :  বৃষ্টির শঙ্কা নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট। কানপুরে গতকাল থেকে শুরু হওয়া সেই টেস্টে প্রথম দিনের অধিকাংশই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ফলে খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। একই কারণে আজ (শনিবার) দ্বিতীয় দিন কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকা গতকাল রাতের পুরো সময়ই বৃষ্টিতে ভিজেছে। সে কারণে খেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা ছিল। যদিও আগেরদিন অল্প সময় খেলা হওয়ায় আজ ম্যাচ শুরুর সময় আধাঘণ্টা এগিয়ে আনা হয়। কিন্তু এরইমাঝে বৃষ্টির লুকোচুরি খেলা শুরু। মাঝে বৃষ্টি বন্ধ হলেও, মেঘলা আকাশ জানান দিচ্ছিল আবারও নামবে ঝুম বৃষ্টি। এই পরিস্থিতিতে শেষ হয়ে যায় প্রথম সেশনে খেলার সম্ভাবনা।


দুপুরের দিকে বেশ কিছুটা সময় কানপুরে বৃষ্টি হয়নি। সেই সময় পুরো মাঠে তিনটি সুপার সোপার দিয়ে পানি সরানোর প্রক্রিয়াও চলতে থাকে। তবে আবহাওয়ার তেমন পরিবর্তন না দেখা যাওয়া কিংবা মাঠ প্রস্তুত করে খেলা গড়ানো নিয়ে অনিশ্চয়তার মাঝেই আড়াইটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে ভারতের কোনো টেস্টের সম্পূর্ণ দিন বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার ঘটনা ঘটেছিল ২০১৫ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টেও তখন ফিল্ডিংয়ে ছিল স্বাগতিক ভারত।