৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

‘প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে’

Admin Published: November 26, 2024, 4:46 pm
‘প্রশাসনের সর্বস্তরে সংশোধন না  হলে আবারও বিপ্লব হতে পারে’

স্টাফ রিপোর্টার : প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের বিপ্লবে তো তেমন কিছু হয় নি, আবারও যদি বিপ্লব হতে হয় সেটা আরও ভয়াবহ হবে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের বিফ্রিংয়ে এ আশংকা প্রকাশ করেন কমিশন প্রধান। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের আট জেলার প্রশাসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করে জনপ্রশাসন সংস্কার কমিশন।  

আব্দুল মুয়ীদ চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এখন কিন্তু মানুষ আর আগের মতো নাই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেটা আমাদের চেষ্টা করতে হবে।

বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের আন্তঃক্যাডার বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু না। কিন্তু তাই বলে তো চোখ কান বন্ধ করে রাখবো বিষয়টা এমনও না। তারা যখন আমাদের সাথে আলোচনা করবে কিছু হয়তো মতামত দিতে পারি সরকারকে। ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। এই  ক্ষমতা যদি আমার ক্ষমতা দেখাতে ব্যবহার করি তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।

সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আরও বলেন, এটা ঠিক না। আমি তো বিভিন্ন সরকারের আমলেই চাকরি করেছি। আমি কোনোদিন কোনো কিছুতে কম্প্রোমাইজ করি নি। আমি তো সচিবও হয়েছি। কেউ যদি প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করে আমি সচিব হবো, সেটা তো ভুল ধারণা।

এ সময়  জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও  প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্রপ্রতিনিধি মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।