২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

Admin Published: July 29, 2026, 1:43 pm
প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

ডিএনএন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার হাজির হচ্ছেন ছোটপর্দার এক ভিন্ন আয়োজনে। তবে অভিনয় বা উপস্থাপনায় নয়, ভারতের টেলিভিশন চ্যানেল সান বাংলার রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে দেখা যাবে তাকে।


জানা গেছে, অনুষ্ঠানটির বিশেষ এই পর্বটি প্রচারিত হবে আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায়। শোটি সঞ্চালনা করছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এরই মধ্যে জয়া আহসানকে নিয়ে পর্বটির শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং শেষে সুদীপ্তা সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।


রিয়েলিটি শোতে জয়া আহসানের উপস্থিতি ভক্তদের জন্য নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ, এর আগে তাকে কোনো রিয়েলিটি শোতে অতিথি হিসেবে অংশ নিতে দেখা যায়নি। ফলে এই বিশেষ পর্ব ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে।


‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ মূলত নারীকেন্দ্রিক একটি অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারীরা এতে অংশ নিয়ে নিজেদের সংগ্রাম, সাফল্য ও জীবনযুদ্ধের গল্প তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন ধাপের খেলায় অংশ নিয়ে বিজয়ীরা জিতে নেওয়ার সুযোগ পান আকর্ষণীয় পুরস্কার।


বিশেষ এই পর্বে প্রতিযোগীদের অনুপ্রেরণাদায়ক জীবনকাহিনি মনোযোগ দিয়ে শোনেন জয়া আহসান। তাদের অদম্য লড়াই ও আত্মবিশ্বাসের প্রশংসা করে এগিয়ে চলার উৎসাহও দেন তিনি। প্রিয় অভিনেত্রীকে এমন এক অনুপ্রেরণাদায়ী ভূমিকায় দেখতে মুখিয়ে আছেন তার অসংখ্য অনুরাগী।