স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে। এবার সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন।রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব বিষয়ে সুপারিশ করা হয়। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।