৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাবিতে সার্টিফিকেট তুলতে এসে কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা

Admin Published: November 30, 2024, 5:14 pm
রাবিতে সার্টিফিকেট তুলতে এসে কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট তুলতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

আটক ব্যক্তির নাম ফিরোজ মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি বগুড়া জেলায়। 

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগ নেতা ফিরোজ মাহমুদ সার্টিফিকেট উত্তোলন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। গত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ওই ছাত্রলীগ নেতা ফিরোজকে আটকে মারধর করে। পরে তাঁরা মতিহার থানা পুলিশকে খবর দেন। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রাথমিক চিকিৎসা দেন। শনিবার দুপুর ১ টার দিকে ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তাকে এক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুসহ ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।