স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী-০১ (তানোর-গোদাগাড়ি) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন বলেছেন,
জনগণের আস্থা ও ভালোবাসা আমার কাছে সবচেয়ে বড় শক্তি।আমি চাই রাজনীতি হবে সেবার মাধ্যম, ক্ষমতার নয়। তানোর-গোদাগাড়ী এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে কাজ করাই আমার অঙ্গীকার।
শনিবার রাতে রাজশাহীর গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।নগরীর অভিজাত একটি হোটেলের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।
সভায় ব্যারিস্টার মিলন বলেন, তিনি দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যেই তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি আরও যোগ করেন, আইনের শাসন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি সবসময় কাজ করে যাবেন। এজন্য সাংবাদিক সমাজকেও পাশে থাকার আহ্বান জানান ব্যারিস্টার মিলন।
মতবিনিময় সভায় রাজশাহী প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা ব্যারিস্টার মিলনের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
সভায় সাংবাদিকরা বলেন, রাজনীতির মূলধারা যেন স্বচ্ছ থাকে, এবং সৎ ও শিক্ষিত মানুষ রাজনীতিতে আসলে গণতন্ত্র শক্তিশালী হয়। এ ধরনের উদ্যোগ জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। মতবিনিময় সভা শেষে ব্যারিস্টার মিলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্থানীয় উন্নয়ন ইস্যুতে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।