৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবলে জমজমাট লড়াই

Admin Published: December 20, 2025, 4:51 am
রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবলে জমজমাট লড়াই

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চলমান বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা ছিলো উত্তেজনায় ভরপুর। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত চারটি ম্যাচ শেষে সেমিফাইনালে উঠেছে চারটি কলেজ দল।

গোলের লড়াই, ট্রাইবেকারের উত্তেজনা ও ওয়াক-ওভারের ঘটনায় দিনভর জমে ওঠে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রাজশাহী বিভাগের আটটি জেলার ১৬টি কলেজ দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতিতে প্রথম রাউন্ডের খেলা শেষে আটটি দল দ্বিতীয় রাউন্ডে ওঠে।

দিনের প্রথম ম্যাচে রাজশাহীর নওহাটা সরকারি কলেজের মুখোমুখি হয় নাটোর জেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে নাটোরের দলটি। ধারাবাহিক আক্রমণ ও সংগঠিত রক্ষণভাগের সুবাদে তারা ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে।

দ্বিতীয় ম্যাচে নওগাঁ জেলার সাপাহার সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জের আলীনগর স্কুল অ্যান্ড কলেজের মধ্যে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে সাপাহার সরকারি কলেজ জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠে যায়।

দিনের তৃতীয় ম্যাচে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে মাঠে নামে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ। শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে যায় সিংড়া দমদমা দল। নবাবগঞ্জ সরকারি কলেজ পাল্টা আক্রমণে একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নাটোরের দলটি।

চতুর্থ ম্যাচে রাজশাহীর সরদহ সরকারি কলেজের বিপক্ষে সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজ মাঠে নামার কথা থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় বেলকুচি কলেজকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে ওয়াক-ওভার পেয়ে সরদহ সরকারি কলেজ সেমিফাইনালে ওঠে। এতে করে সেমিফাইনালে উঠেছে নাটোরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, নওগাঁর সাপাহার সরকারি কলেজ, নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহীর সরদহ সরকারি কলেজ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দুটি ম্যাচ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ও সাপাহার সরকারি কলেজ। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও সরদহ সরকারি কলেজ। এই দুই ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে ফাইনালের দুই দল।

বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, রাজশাহীতে তৃতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট কলেজ পর্যায়ে ফুটবলের ধারাবাহিকতা তৈরি করছে। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় একই ভেন্যুতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।#