৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবলের ফাইনালে নাটোরের দুই কলেজ

Admin Published: December 21, 2025, 5:46 am
রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবলের ফাইনালে নাটোরের দুই কলেজ


স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব শেষ হয়েছে। শনিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি সেমিফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে নাটোর জেলার দুটি কলেজ দল।

দুপুর ২টায় শুরু হওয়া দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নাটোরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ও নওগাঁর সাপাহার সরকারি কলেজ। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলায় গতি আনে। মাঝমাঠে বলের দখল নিয়ে চলে তীব্র লড়াই। উভয় দলের ফরোয়ার্ডরা একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও রক্ষণভাগ ও গোলরক্ষকদের দৃঢ়তায় কোনো দলই নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি।

নির্ধারিত ৬০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচের ফল নির্ধারণে আশ্রয় নিতে হয় ট্রাইবেকারের। সেখানে স্নায়ুচাপ সামলে অসাধারণ দক্ষতার পরিচয় দেন বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের গোলকিপার। প্রতিপক্ষের একাধিক শট ঠেকিয়ে তিনি দলের জয়ের পথ সুগম করেন। শেষ পর্যন্ত ট্রাইবেকারে জয় নিশ্চিত করে নাটোরের দলটি প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে। ম্যাচজুড়ে দুই দলের লড়াকু মানসিকতা এবং ট্রাইবেকারের নাটক দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে।

এরপর দুপুর সাড়ে ৩টায় দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে মাঠে নামে রাজশাহীর সরদহ সরকারি কলেজ। ম্যাচের শুরু থেকেই সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্রুতগতির উইং আক্রমণ ও নিখুঁত পাসিংয়ে তারা রাজশাহীর দলকে চাপে ফেলে।

খেলার এক পর্যায়ে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ একটি সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে গোল করে এগিয়ে যায়। গোল হজমের পর সরদহ সরকারি কলেজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রতিপক্ষের সংগঠিত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ ফাইনাল নিশ্চিত করে।

রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের আটটি জেলার মোট ১৬টি কলেজ দল অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, রাজশাহীতে তৃতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট কলেজ পর্যায়ে ফুটবলের ধারাবাহিকতা তৈরি করছে। আগামী সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বহুল প্রত্যাশিত ফাইনাল ম্যাচ।