৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.২৪, জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন

Admin Published: October 15, 2024, 12:51 pm
রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.২৪, জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সামনে এই ফলাফল ঘোষণা করেন।


ঘোষিত ফল অনুযায়ী, রাজশাহী বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। এরমধ্যে ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১ লাখ ১১ হাজার  ৪৪৮ জন পাস করেন। পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে ছাত্র পাসের হার ৭৬ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৮৭ শতাংশ।


আর এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ২৪ হাজার ৯০২ জন জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে ছাত্র ১০ হাজার ৩০৫ জন। আর ছাত্রী ১৪ হাজার ৫৯৭ জন।


সংবাদ সম্মেলনে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, রাজশাহী বোর্ডে গত বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ৷ এছাড়া গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। এবার তা দ্বিগুণেরও বেশি। অথচ গত বছর পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৮ হাজার ৩৯০ জন। অর্থাৎ এবারের চেয়েও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল গতবার। তবে কম শিক্ষার্থী অংশ নিয়েও এবার বেশি সংখ্যক শিক্ষার্থী ভালো ফলাফল করতে পেরেছে।


রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম বলেন, এ বছর রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট কলেজের সংখ্যা ছিল ৭৪১টি। এর মধ্যে ১২টি কলেজ থেকে কোন শিক্ষার্থীই পাস করতে পারেননি। 


আর শতভাগ পরীক্ষার্থী পাস করেছে এমন কলেজের সংখ্যা রয়েছে ৩৫টি। তাই যেসব কলেজের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি সেসব কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বোর্ড চেয়ারম্যান।