৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

Admin Published: November 2, 2025, 11:29 pm
রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। রবিবার নগরীর অলকার মোড়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাইফুল ইসলাম হিরক, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. এখলাস আহমেদ রমি, শ্রমিক দল নেতা শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন বলেন,“মহানগর বিএনপির এই নবগঠিত কমিটি রাজশাহীর রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। বিএনপির নেতৃত্বে রাজশাহীতে আবারও গণতান্ত্রিক চেতনা জাগ্রত হবে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও শক্তিশালী হবে এবং রাজশাহীতে গণআন্দোলনের ভিত আরও মজবুত হবে।”

নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, “রাজশাহীতে বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করব। শহরের প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও থানা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। দলের প্রতি নেতাকর্মীদের আস্থা ও ঐক্যই আমাদের মূল শক্তি।”

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে রাজশাহীর নেতাকর্মীরা অবিচল ছিলেন। বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক— এই অবস্থান আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের এ ধারা রাজশাহীর রাজনীতিতে নতুন উদ্যম সৃষ্টি করবে। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে রাজশাহী মহানগর বিএনপি আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত সংগঠনে পরিণত হবে।