স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বাইপাশ সড়কে পরপর তিনটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। প্রথমে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের সংঘর্ষ। এরপর আবার দুর্ঘটনা কবলিত ট্রাকের সঙ্গে সংষর্ষ হয় আরেক ট্রাকে। এতে একটি ট্রাকের হেলপার নিহত হয়েছে। তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে নগরীর বাইপাশ আমচত্বর-কাশিয়াডাঙ্গা সড়কের খিরশিনটিকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হেলপারের নাম সুমন হোসেন (২৬)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নগরীর শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, প্রথমে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আাসা একটি পাথরবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে এর চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এর ঘণ্টাখানেক পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটির পেছনে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান পেছনের ট্রাকটির হেলপার সুমন হোসেন। তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ওসি মাসুমা মোস্তারিন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।