২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীর থানায় ফিরছে পুলিশ

Admin Published: August 10, 2024, 6:28 pm
রাজশাহীর থানায় ফিরছে পুলিশ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর থানাগুলোতে ফিরতে শুরু করেছে পুলিশের সদস্যরা। শনিবার সকাল থেকে রাজশাহীর জেলা ও মহানগরের বিভিন্ন থানায় যোগ দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। লোকজন নিয়ে তারা ধ্বংসস্তূপ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। ফাঁড়িগুলোও পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।
শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে গিয়েছেন কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। গত সোমবার আরএমপি সদর দফতরেও জ্বালিয়ে-পুড়িয়ে লুটপাট করা হয়। পুলিশ কমিশনারের কক্ষে একটি টেবিল ছাড়া কিছুই ছিল না। পুলিশ কমিশনার আরএমপি সদর দফতরে গিয়ে কিছু সময় অতিবাহিত করেন এবং সবকিছু ঘুরে দেখেন।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘আরএমপি সদর দফতরে এখনো বসার পরিবেশ নেই। আমরা পুলিশ লাইনসে বসে কাজ করছি। থানাগুলোতে ওসিরা চলে গেছেন। বসার মতো পরিবেশ করা মাত্রই অন্য পুলিশ সদস্যরা থানায় চলে যাবেন।’
এদিকে কাজে যোগ দিয়ে পুলিশ সদস্যদের নিজেদের জনগণের সেবক প্রমাণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির রাজশাহী শাখা। শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাহিনীর সদস্যদের প্রতি এ আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য ও গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, ‘জনগণের প্রতি আমরা আকুল আবেদন রাখছি, আমাদের অতি প্রয়োজনীয় এ বাহিনী পুনর্গঠনে যেন ভূমিকা রাখি। আমরা পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিও আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত আপনারা কাজে যোগদান করুন এবং দেশপ্রেম নিয়ে কাজ করে নিজেদের জনগণের সেবক হিসেবে প্রমাণ করুন।’
মাহবুব সিদ্দিকী আরও বলেন, ‘হাসিনা সরকার রাষ্ট্রের প্রায় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিলেন। জনগণের পুলিশ বাহিনীও এ থেকে রক্ষ পায়নি। পুলিশ বিভাগের কিছু উচ্চ পর্যায়ের সুবিধাভোগী কর্মকর্তা সরকারের পক্ষ নিয়ে জনগণের ওপর নির্যাতন চালিয়েছে। ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছে। হাতেগোনা কয়েকজন নির্লজ্জ কর্মকর্তার কারণে গোটা পুলিশ বিভাগের ওপর বিরূপ প্রভাব পড়েছে। এ জন্য বিভিন্ন থানা, ফাঁড়িতে আক্রমণ হয়েছে।’