৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে আবাসন ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে বিএনপির মানববন্ধন

Admin Published: July 27, 2025, 5:07 pm
রাজশাহীতে আবাসন ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে বিএনপির মানববন্ধন

স্টাফ রিপোর্টার : চাঁদাবাজির মামলা দায়ের করায় রাজশাহীর আবাসন ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছি বিএনপি। রবিবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠন, রাজশাহী মহানগর-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে আবাসন ব্যবসায়ীর দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার রেনীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতে তিনি মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট। তিনি বলেন, পুলিশ-প্রশাসন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও প্রতারকদের সাথে হাতে হাত মিলিয়ে এখনও তাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে এবং রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীদের নামে ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিচ্ছে। যারা এর সাথে সম্পৃক্ত বা জড়িত থাকবেন তাদের বিচার আমরা এই বাংলার মাটিতে করব।

বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমান একজন প্রতারক ও জালিয়াতচক্রের হোতা। আওয়ামী লীগের দীর্ঘদিনের আর্থিক পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন তিনি। ফ্ল্যাট বিক্রির নামে বহুগ্রাহকের অর্থ নিয়ে ফ্ল্যাট বুঝিয়ে দেননি। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানেও প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন, স্বেচ্ছাসেবক দলের নেতা সৈকত পারভেজ প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এতে রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়।