স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যার ঘটনায় গ্রেফতার আসামি লিমন মিয়াকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত।
শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. মামুনুর রশিদ ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। রিমান্ড মুঞ্জুর হওয়ার পর তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে সুমন ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। প্রেক্ষিতে ঘটনাস্থল হতেই অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেফতার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।