স্টাফ রিপোর্টার : বর্ণিল আয়োজনে রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের ৮টি জেলার ১৬টি কলেজ দল।
বৃহস্পতিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।
উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা জাতি গঠনের অন্যতম হাতিয়ার। নিয়মিত খেলাধুলা মন ও শরীরকে সুস্থ, সতেজ ও প্রাণবন্ত রাখে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আজকের এই প্রতিযোগিতা থেকেই আগামী দিনের রাইজিং স্টার তৈরি হবে। তরুণ সমাজকে খেলাধুলার অঙ্গনে ফিরিয়ে আনা এই আয়োজনের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট তরুণদের জন্য প্রতিযোগিতার মঞ্চের পাশাপাশি সুস্থ জীবনধারা, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে তোলার এক কার্যকর উদ্যোগ। বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক আয়োজন ভবিষ্যতে জাতীয় ক্রীড়াঙ্গনের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজ) মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান। এসময় রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান বলেন, খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে; তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করতে ক্রীড়া চর্চার বিকল্প নেই।
পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান বলেন, এই টুর্নামেন্টের গুরুত্ব কেবল খেলায় সীমাবদ্ধ নয়। কলেজ পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা, মানসিক দঢ়তা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। একই সঙ্গে এটি মাদক ও অপরাধমুখী প্রবণতা থেকে তরুণদের দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী ম্যাচে রাজশাহীর নওহাটা সরকারি কলেজ মুখোমুখি হয় পাবনা জেলার বেড়া সরকারি কলেজের। এই ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো চার দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লড়াই, যেখানে বিভাগজুড়ে কলেজ পর্যায়ের সেরা খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছে।
বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, রাজশাহীতে তৃতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট কলেজ পর্যায়ে ফুটবলের ধারাবাহিকতা তৈরি করছে। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের ৮টি ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে।