স্টাফ রিপোর্টার : সুসম্পর্ক গড়ে তুলে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতার আসামীর নাম সাবেরা খাতুন ওরফে সম্পা (২৫)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মমিনুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের পাঠনো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, নগরীর রায়পাড়া এলাকার বাসিন্দা সেলিম রেজার স্ত্রীর সঙ্গে প্রায় ছয় মাস আগে সাবেরা খাতুনের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সাবেরা সেলিমের স্ত্রীর সাথে সুসম্পর্ক গড়ে তোলে। সর্বশেষ গত ১২ জুলাই সেলিমের বাসায় বেড়াতে এসে রান্নার কাজে সহযোগিতার কথা বলে মুরগির মাংস এবং স্যালাইনের মধ্যে চেতনানাশক মিশিয়ে পরিবারের সকলকে অচেতন করে ফেলে।
পরে সেলিমের স্ত্রীর শরীরে থাকা প্রায় ২.৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সচেতন হওয়ার পরে বিষয়টি বুঝতে পেয়ে সেলিম কাশিয়াডাঙ্গা থানায় মামলা করেন।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় নগরীর মেহেরচন্ডি করইতলা মোড়ের এক বাসায় আসামিকে শনাক্ত করে পুলিশকে অবগত করে সেলিম। পরে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাবেরা খাতুন চেতনানাশক খাওয়ায়ে চুরির বিষয়টি স্বীকার করে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আদেন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে।