স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আদালত থেকে জামিন পেয়েছেন ৫ জন এইচএসসি পরীক্ষার্থী। শনিবার দুপুরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজশাহীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় তারা গ্রেফতার হয়েছিলো।
আদালত সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীর জামিন হয়েছে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে। এরা হলো- আহনাফ আকিব অরণ্য, মো. রাব্বি ও রাকিবুর রহমান। এদের মধ্যে অরণ্য ও রাব্বি রাজশাহী মহানগরীর মতিহার থানার মামলার আসামি। আর রাকিবুর রহমানের মামলা নগরীর বোয়ালিয়া থানার। শনিবার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন।
এছাড়াও জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। রাজশাহী জেলা আদালতের পরিদর্শক আমান উল্লাহ জানান, আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন। এ দুই শিক্ষার্থী হলো- রাজশাহীর গোদাগাড়ী থানার একটি মামলার আসামি ইমরান ফরহাদ ও পুঠিয়া থানার মামলার আসামি সৌরভ আলী।