২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে অগ্নিসংযোগ

Admin Published: September 27, 2026, 2:53 pm
রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে আবদুল বারী (৪০) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে পেট্রোল বোমা মেরে তার দোকানটি পুড়িয়ে দেওয়া হয়েছে। টাকা ভাঙিয়ে না দেওয়ার জেরে শনিবার দিবাগত গভীর রাতে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যার পরে শহরের চন্ডিপুর এলাকার কিছু বখাটে বাকির মোড় এলাকায় মাদকসেবন করতে আসে। তারা টাকা ভাঙাতে বারীর দোকানে গিয়েছিল। বারী জানিয়েছিলেন, টাকা ভাঙতি হবে না। এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের হাতাহাতিও হয়। এর জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র এবং পেট্রল বোমা নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভাঙে। এরপর পেট্রল বোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এই  অবস্থা দেখে বারীসহ তার পরিবারের লোকজন বেরিয়ে আসেন। তখন বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। এরপর হামলাকারীরা চলে গেলে বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক বারীকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি জানান, নিহত মুদি দোকানীর মরদেহ রামেক হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে। মামলার এজাহার দেখে আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।