স্টাফ রিপোর্টার : রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ১৬ শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেন আরএমপি পুলিশ কমিশনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তাঁর বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন, ক্লাসের পরিবেশ মনোরম ও মানসম্মত করার কথা উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রযুক্তি, ভাষাগত দক্ষতা এবং নৈতিক শিক্ষা অর্জনেও মনোযোগী হতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার পরিবেশকে আরও উন্নত করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায় এবার মোট ১৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ৬ জন এবং এসএসসি পরীক্ষার্থী ১০ জন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ।