২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

Admin Published: September 19, 2026, 3:36 pm
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ, চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে শনিবার নগরীর শাহ মখদুম কলেজে অনুষ্ঠিত হয় কর্মশালাটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম ও রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এবং সর্প বিশেষজ্ঞ ও গবেষক বোরহান বিশ্বাস রোমন। এতে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।

অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের ছবিসহ পরিচিতি ও প্রজাতিসমূহ, সাপেকাটা রোগির সংখ্যা ও পরিসংখ্যান, সাপ কখন ও কেন মানুষকে কামড়ায়, এন্টিভেনমের ব্যবহার ও এর কার্যকারিতা এবং সর্প দংশনের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে আলোকপাত করেন। এছাড়া পরিবেশের জন্য উপকারী প্রজাতির সাপ হত্যা না করে উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ে গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সাপ উদ্ধার, হ্যান্ডলিং ও প্রকৃতিতে অবমুক্তকরণ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন। এসময় তারা সাপ উদ্ধারে নিজেদের নিরাপত্তা, সুরক্ষা ও পর্যাপ্ত প্রয়োজনীয় সরঞ্জামাদির প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।