৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে তারুণ্যের উৎসব টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন শিরোইল হাইস্কুল

Admin Published: December 22, 2025, 5:33 am
রাজশাহীতে তারুণ্যের উৎসব টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন শিরোইল হাইস্কুল

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে কদমতলা স্পোর্টস ক্লাব।

রবিবার বিকেলে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ছয় উইকেটে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়। ফাইনাল ম্যাচে টসে জিতে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভারে কদমতলা স্পোর্টস ক্লাব ৫৩ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসী খেলায় মাত্র ছয় উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও ক্রীড়া সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মাঠে খেলতে হবে, লেখাপড়ার পাশাপাশি তাদের মাঠে দেখতে চাই। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশ ঘটে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সঠিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রশাসন সব সময় ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করতে কাজ করছে।

এর আগে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সহযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও সংগঠনের মধ্যে বিনামূল্যে বিপুল পরিমাণ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, জেলার মোট ২৭২টি প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতি জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও খেলাধুলার আগ্রহ বাড়িয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ডালিম হোসেন শান্ত, তৌফিকুর রহমান রতনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।