২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

‘রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই’

Admin Published: August 19, 2026, 11:10 pm
‘রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই’

ডিএনএন ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি এবং সরকারি দল-বিএনপির পক্ষ থেকে একটি মনোনয়নপত্র রয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম)। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।


এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দেশ-বিদেশের মানুষের আগ্রহ রয়েছে। নির্বাচন কমিশনের জন্য এ ধরনের নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা তুলনামূলকভাবে সীমিত হলেও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি রাখা হয়নি এবং সংশ্লিষ্ট সবার কাছ থেকেও সহযোগিতা পাওয়া যাচ্ছে।


নির্বাচনের ফল প্রকাশের বিষয়ে সিইসি বলেন, সিইসি বা নির্বাচনি কর্তা হিসেবে যাচাই-বাছাই শেষে তিনি যে ফল ঘোষণা করবেন, সেটিই চূড়ান্ত ফল হিসেবে বিবেচিত হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার দিনই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।


তিনি আরও জানান, ভোট দেওয়ার পর সংসদ সদস্যরা সংসদে অবস্থান করতে পারবেন। ভোট গণনার সময়ও তাদের উপস্থিত থাকার সুযোগ থাকবে।


উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সাংবিধানিক নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এতে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার কথা রয়েছে।