স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের হৃদস্পন্দন তার লাইব্রেরি।
তিনি বলেন, লাইব্রেরি হলো একটি জ্ঞানকেন্দ্র। তাই রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য প্রযুক্তিনির্ভর, জ্ঞানসমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে রুয়েটের কনফারেন্স রুমে আয়োজন করে লাইব্রেরি উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও কমিটির সদস্য সচিব মাহবুবুল আলম।
সভায় লাইব্রেরির সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন উপাচার্য। তিনি লাইব্রেরিকে আধুনিকায়ন করার জন্য লাইব্রেরি অটোমেশন প্রক্রিয়াকে আরও সহজিকরণ করাসহ কোহা সফটওয়্যার আপডেট করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।