৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

সাবেক এমপি আসাদ দুদিনের রিমান্ডে

Admin Published: December 31, 2024, 4:49 pm
সাবেক এমপি আসাদ দুদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের মামলায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের এবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তার এই রিমান্ড মঞ্জুর করেন।

শুনানির পর আসাদকে আবারও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় নগরের বোয়ালিয়া থানার এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা সাবেক এমপি আসাদের সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেফতার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় এর আগেও কয়েকদফা রিমান্ড মঞ্জুর হয়েছে আসাদুজ্জামান আসাদের।