৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: সহকারী স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত

Admin Published: March 19, 2026, 12:02 am
সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: সহকারী স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত

ডিএনএন ডেস্ক: পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় পার্বতীপুর-ঢাকা রেলরুটের সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 


এর আগে এদিন দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে নয়টি বগি লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে। 


খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আতহদের উদ্ধার কাজ চলমান রেখেছে।



তবে এ দুর্ঘটনায় চালকের অদক্ষতা ও স্টেশনের মাস্টারের দায়িত্ব অবহেলা হয়েছে বলে জানান স্থানীয়রা।

জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে শত শত যাত্রী নীল সাগর ট্রেনযোগে হয়ে বিভিন্ন জেলায় যাচ্ছিলেন। প্রতিদিনের মতো এদিন সান্তাহার স্টেশন সংলগ্ন বগাবাড়ী এলাকায় রেললাইনের কাজ চলছিল। কিন্তু নীলসাগর ট্রেনটি কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলে পৌঁছালে নয়টি বগি লাইনচ্যুত হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শতাধিক যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এর আগে অনেক যাত্রী নিজ নিজ উদ্যোগে চলে গেছে।

সান্তাহার জংশন স্টেশনের অধীনে দায়িত্বে থাকা ওয়েম্যান সোহেল রানা বাংলানিউজকে বলেন, রেললাইন ভেঙে যাওয়ার কারণে রেললাইন মেরামতের কাজ করছিল রেলওয়ে ওয়েম্যানরা। আমরা ট্রেন আসা দেখে লাল সংকেত দিয়ে ট্রেন থামাতে চেষ্টা করি।



কন্ট্রোল রুমে সিগন্যাল দেওয়া আছে। তারপরও আমরা লাল ব্যানার টানিয়ে কাজ করছিলাম। পর সিগন্যাল ও লাল সিগন্যাল উপেক্ষা করে ট্রেনটি এসে দুর্ঘটনায় পড়ে। এমনকি হাতের সিগন্যালও মানেননি চালক। আমি মনে করি এটা ট্রেনচালকের অবহেলার কারণে এতো বড় দুর্ঘটনা ঘটেছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা বাংলানিউজকে বলেন, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটির সদস্যরা দায়িত্ব অবহেলার কারণে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ সান্তাহার রেলওয়ের  সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করেছে। তদন্ত চলমান রয়েছে।