১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

Admin Published: December 16, 2024, 6:32 pm
সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস ব্যাচের ২৫ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) শোকজ করা হয়েছে। রবিবার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়। সোমবার বিষয়টি জানাজানি হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৫ শিক্ষানবিশ এএসপির কাছে ব্যাখা তলব করা হয়েছে। তাদের ব্যাখা আসার পর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

একজন শিক্ষানবিশ এএসপিকে দেওয়া ব্যাখা তলবের চিঠিতে বলা হয়েছে, ‘প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে আরও কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে আপনি দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। আপনাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও আপনারা তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। ফলে প্রশিক্ষণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। এতে অন্যরা শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত হয়।’

ব্যাখা তলবের চিঠিতে আরও বলা হয়, ‘আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচারণের শামিল উল্লেখ করে এএসআই জহুরুল ইসলাম ব্যবস্থা নিতে অধ্যক্ষ বরাবর প্রতিবেদন দিয়েছেন। এ অবস্থায় আপনার এমন কার্যকলাপ ও আচরণের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

গত বছরের ২১ অক্টোবর ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত পুলিশ ক্যাডারের ৭১ জন কর্মকর্তার মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে একযোগে ২৫ জনই কারণ দর্শানোর নোটিশ পেলেন। গত ২০ অক্টোবর এদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ ছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আগের রাতে হঠাৎ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর ২৪ নভেম্বর আবারও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের দিন ঠিক করা হয়। তবে ১৮ নভেম্বর আবারও কুচকাওয়াজ স্থগিত করা হয়।

সেদিন একই সঙ্গে ৪০তম ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়। ২৬ নভেম্বর এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা গেছে, ৪০ তম এসআই ক্যাডেট ব্যাচে মোট প্রশিক্ষণরত ছিলেন ৮২৩ জন। গত বছরের ৫ নভেম্বর তাদের প্রশিক্ষণ শুরু হয়। এদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল গত ৪ নভেম্বর। কিন্তু এখনও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। সম্প্রতি তিন দফায় মোট ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইয়ের কাছে ব্যাখা তলবের পর তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।