ডিএনএন ডেস্ক: দেশের সব তফসিলি ব্যাংককে যথাযোগ্য গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে উদযাপন করতে হবে।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের জন্য নির্ধারিত প্রতিপাদ্য—‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—সব ধরনের কর্মসূচি ও প্রচার কার্যক্রমে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী তাদের নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ব্যাংকিং খাতে দিবসটি যথাযথভাবে পালিত হয়।
এ ছাড়া সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক নারী দিবসের জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এবং নির্ধারিত প্রতিপাদ্য তাদের সব আয়োজন ও প্রচারণায় স্পষ্টভাবে তুলে ধরতে হবে।