৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

সেঞ্চুরিতে শান্তর বাধ ভাঙা উদযাপন

Admin Published: June 17, 2025, 6:47 pm
সেঞ্চুরিতে শান্তর বাধ ভাঙা উদযাপন

ডিএনএন  ডেস্ক: গল টেস্ট শুরুর আগেই বাংলাদেশ শিবিরে এক ধাক্কা লাগে। জ্বরের কারণে টেস্ট থেকে ছিটকে যান দারুণ ফর্মে থাকা স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। হয়তো লঙ্কানদের ধাঁধাঁয় রাখতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে নেওয়া হবে। তবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিশ্চিত ছিল যে, গলে খেলা হচ্ছে না মিরাজের।


অধিনায়ক নাজমুল শান্তর কাঁধে তাই বাড়তি দায়িত্বের চাপ ছিল। দারুণ এক সেঞ্চুরি করে বিপদে পড়া দলকে উদ্ধার করেন তিনি। সেঞ্চুরি করে মাতেন বাধ ভাঙা উদযাপনে।


গলে শান্ত যখন ক্রিজে যান বাংলাদেশ দল তখন ৩৯ রানে ২ উইকেট। মুমিনুল হকের সঙ্গে জুটি জমার আগেই সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক। সেখান থেকে দৃঢ়তা দেখিয়ে সেঞ্চুরি পেয়েছেন শান্ত।


সেটাও দীর্ঘদিন পরে। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সেঞ্চুরি পাওয়ার আগে পেরিয়ে গেছে ২০ ইনিংস। এর মধ্যে তিনি হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন মাত্র দুটি। ভারতের বিপক্ষে ৮২ রানের ইনিংস ছাড়া বলার মতো কোন ইনিংসও খেলতে পারেননি।


শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিও করেছেন দারুণ ঠান্ডা মেজাজে ব্যাটিং করে। ২০৩ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন বাঁ-হাতি এই ব্যাটার। শতকের দেখা পেতেই লাফিয়ে উদযাপন করেন।


শুধু সেঞ্চুরি করেই থামেননি শান্ত। সঙ্গী মুশফিকুর রহিমকে নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। বাংলাদেশ ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে। শান্ত ২৬০ বলে ১৩৬ রান করে দিন শেষ করেছেন। মুশফিক ১৮৬ বলে ১০৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।