৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

শহীদ নিলয়ের স্মরণে পাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

Admin Published: November 23, 2024, 11:11 pm
শহীদ নিলয়ের স্মরণে পাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

পাবনা প্রতিনিধি ; পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মাহবুব হাসান নিলয়ের স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।


শনিবার (২৩ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। অনুষ্ঠানের শুরুতে স্পোর্টস পতাকা উত্তোলন করেন তিনি।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস এম আব্দুল আওয়াল বলেন, মাহবুব হাসান নিলয়ের মতো তেরো বছরের একটি শিশুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ প্রমাণ করে ফ্যাসিস্ট সরকার বিগত ১৭ বছর ধরে জঘন্যতম বর্বর খুন-গুম-সন্ত্রাস চালিয়েছে। তারা জনআকাঙ্খাকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করেছে। ফলে জনগণ মাঠে নেমে আসে। জুলাই- আগস্টের আন্দোলনে পাবনা অন্যতম ভূমিকা পালন করেছে। এই আন্দোলন থেকে আমাদের শিক্ষা নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। শহীদ নিলয়ের আদর্শ শিক্ষার্থী-তথা দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে হবে।


উপাচার্য আরও বলেন, পাবনা শহরকে আমি সারা বিশ্বের কাছে চেনাতে চাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। যদি সবাই একসাথে কাজ করি, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়বে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনার আরেক শহীদ জাহিদের নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে বলেও জানান উপাচার্য।


টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অর্থনীতি বিভাগের শিক্ষক এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইশরাক ফাতিন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর ও ছাত্রউপদেষ্টা দপ্তরের পরিচালক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ৩-২ গোলে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে। খেলার প্রথম রাউন্ডে ২১টি দল অংশ গ্রহণ করবে। দ্বিতীয় রাউন্ডে ১৬টি দল এবং তৃতীয় রাউন্ড তথা কোয়ার্টার ফাইনালে আটটি দল খেলবে। কোয়ার্টার ফাইনালে বিজয়ী চারটি দল সেমিফাইনালে খেলবে। আগামী ০৭ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ০৪ আগস্ট আওয়ামীলীগ সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বেতেপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ১৩ বছরের ছেলে মাহবুব হাসান নিলয়।