৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

Admin Published: July 15, 2026, 2:55 pm
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

ডিএনএন ডেস্ক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন তারা।বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় এমন চিত্র দেখা যায়।শিক্ষার্থীদের দাবি, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন তারা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।


তারা জানান, বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকায় অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারছে না। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়ছে। তাই চলমান পরীক্ষা স্থগিত করে নতুন সূচি প্রকাশসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।


তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।


এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানীর নীলক্ষেত মোড়ে বিজিবি মোতায়েন এবং সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা।


এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা আন্দোলনে নামলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা চরম ভোগান্তিতে ফেলেছে সাধারণ যাত্রীদের।


দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা।