ডিএনএন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য আরও সহজ ও আধুনিক ডিজিটাল সেবা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটাররা ঘরে বসেই একটি স্মার্ট মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজের নির্ধারিত ভোটকেন্দ্রসহ নির্বাচনসংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের উদ্যোগে তৈরি এই অ্যাপটির নাম ‘স্মার্ট ইলেকশন বিডি’। ভোটারদের সুবিধার কথা বিবেচনায় রেখে অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হয়েছে।
এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজের ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এতে কেন্দ্রের নাম ও পূর্ণ ঠিকানার পাশাপাশি রয়েছে জিও লোকেশন ও ম্যাপ সুবিধা। ভোটারের বর্তমান অবস্থান থেকে ভোটকেন্দ্র কত দূরে, সেটিও অ্যাপে দেখা যাবে। এমনকি ভোটকেন্দ্রের ছবি দেখার সুবিধা এবং নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও এতে সংযুক্ত করা হয়েছে।
শুধু ভোটকেন্দ্রের তথ্যই নয়, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে প্রার্থীসংক্রান্ত বিস্তারিত তথ্য। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর পরিচিতির পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হলফনামা দেখার সুযোগ থাকবে। ফলে ভোটাররা প্রার্থীদের যোগ্যতা, সম্পদ ও অন্যান্য তথ্য সম্পর্কে আগেই ধারণা নিতে পারবেন।
এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন এবং ভোট-পরবর্তী সময়ে নির্বাচনি ফলাফলও সরাসরি এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে। এতে ফলাফল ঘোষণার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাবে।
নির্বাচন কমিশনের মতে, এই ডিজিটাল উদ্যোগের ফলে ভোটারদের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর এই সেবা তরুণ প্রজন্মের মধ্যে ভোট দেওয়া নিয়ে আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে বলে আশা করছে কমিশন।