২ বৈশাখ, ১৪৩৩
১৬ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

Admin Published: April 10, 2026, 12:33 pm
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

ডিএনএন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর নেতৃত্বে ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।


এ সময় রিজভী বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনয়নপ্রত্যাশীরা এসেছেন এবং দীর্ঘদিন ধরে যারা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রত্যাশা গুরুত্ব পাবে। তিনি জানান, মনোনয়নের ক্ষেত্রে দলের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


তিনি আরও বলেন, বিগত আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, সংসদে বক্তব্য দেওয়ার সক্ষমতাসহ বিভিন্ন যোগ্যতা বিবেচনায় নেওয়া হবে। একই সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি।


দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগামী ১২ এপ্রিলের মধ্যে ফরম জমা দিতে হবে এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।


এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন সংস্থাটির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।


ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।


উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপি পাবে ৩৬টি আসন, তাদের জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন নির্ধারিত রয়েছে।