ডিএনএন ডেস্ক: নতুন ধাপে পরমাণু আলোচনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে।শনিবার (১৮ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের প্রতিনিধিরা রোববার ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তবে এই বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র বা ইরান। যদিও এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সপ্তাহান্তেই আলোচনা হতে পারে।
গত সপ্তাহান্তে অনুষ্ঠিত আগের দফার আলোচনা দীর্ঘ সময় ধরে চললেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদও আগামী সপ্তাহের শুরুতেই শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে ইরানের সঙ্গে দারুণ কিছু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে ঘিরে পরিস্থিতি ‘খুব ভালোভাবে এগোচ্ছে।’ কিছুক্ষণ আগেই ‘খুব ভালো খবর’ পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাস্প জানান, প্রায় ২০ মিনিট আগে আমি কিছু বেশ ভালো খবর পেয়েছি… মনে হচ্ছে ইরানের সঙ্গে বিষয়গুলো খুব ভালোভাবে এগোচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি না হয়, তাহলে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না। এছাড়া ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা ফেলতে শুরু করতে হতে পারে।
এদিকে হরমুজ প্রণালি খুলে যাওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুবই সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, তার আসন্ন চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকটি ‘বিশেষ’ এবং সম্ভবত ‘ঐতিহাসিক’ হবে। প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা করার জন্য আমি অপেক্ষা করছি। এ সফরে অনেক কিছু অর্জিত হবে!