স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌ-বন্দর এবং ভারতের মুর্শিদাবাদের মায়া নৌ-বন্দর পরিদর্শণ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক চুক্তি) কাজী মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তিনি নৌবন্দরে পৌছেলে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাস্টমসের আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি বিভাগের সচিবর্ মোহাম্মদ আসাদ-উজ-জামান, কমিশনার আব্দুর হাকিম, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান, দ্বিতীয় সচিব (আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি), ওমর মবিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষে (বিআইডব্লিউটিএ) ক্রয় ও সংরক্ষণ পরিচালক রফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক (নৌ-নিট্রা ও বৈদেশিক পরিবহন) শর্মিলা খানম, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহকারী পরিচালক রফিকুল ইসলাম, যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন, সহকারী কশিশনার তানিয়া ইসলাম প্রমুখ।
এ সময় রাজশাহী চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান রিংকু, চাপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স সভাপতি আব্দুল আওয়াল, সোনামসজিদ আমদানী ও রফতানিকারক এসোসিয়েনের সভাপতি কাজী শাহাবুদ্দীন, পোর্ট অব কল অপারেটর বশির আহেমদ ও স্থানীয় আমদানী ও রফতানিকারক আবু সাইদ উপস্থিত ছিলেন।
জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক চুক্তি) কাজী মোস্তাফিজুর রহমান বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সুলতানঞ্জ একটি সম্ভবনাময় ও সুবিধাজনক জায়গা। কিন্তু আমাদের কিছু নিয়ম আছে যা এখানে এখনো গড়ে উঠেনি। আমাদের পক্ষ থেকে নদী বন্দর ও সুলতানগঞ্জ পোর্ট অব কলের ব্যাপারে সবদিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।