৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা : মিনু

Admin Published: January 19, 2026, 6:06 pm
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা : মিনু

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, সাবেক মেয়র ও সাংসদ এবং রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই বাংলাদেশ নামে একটি ভূখণ্ড রচিত হয়েছে।

রবিবার রাজশাহীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিক উপলক্ষে মহানগর বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে কৃষির উপরে বেশি জোর দিয়েছিলেন। তিনি বাকশাল বিলুপ্তি করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ১৯ দফার আলোকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছিলেন। শুধু তাই নয়, তিনি সার্ক-ওআইসি গঠনসহ ইরাক ইরানের যুদ্ধ মীমাংসা করে দিয়েছিলেন। আর তার রোপণকৃত নিমগাছ এখনো সৌদি আরবে জনগণকে ছায়া প্রদান করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। 

মিনু বলেন, ১৯৮১ সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তখন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন এবং তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য কাজ করে গেছেন। জিয়াউর রহমান ছিলেন এক অকুতোভয় বীরসেনা। তিনি কখনো নিজের এবং পরিবারের কথা ভাবেন নি। তিনি সর্বদা দেশ এবং দেশের জনগণকে নিয়ে ভাবতেন। 

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মাহফুজুর  রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী  মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও জয়নাল আবেদীন শিবলি, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু প্রমুখ।

বিকেলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত  কামনায় মহানগর যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।