৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

টানা দ্বিতীয়বার টাইমস ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

Admin Published: June 19, 2025, 4:00 pm
টানা দ্বিতীয়বার টাইমস ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৫-এ দ্বিতীয় বারের মতো জায়গা করে নিয়েছে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান মূল্যায়নের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।

গত বুধবার র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করা হয়। এতে বিশ্বের ১৩০টি দেশের ২ হাজার ৫২৬ টি বিশ্ববিদ্যালয়কে এবারের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং-এ অন্তর্ভুক্ত করা হয়। র‌্যাঙ্কিং-এ বাংলাদেশের ৮টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট ২০টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

এবারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৫-এ সামগ্রিকভাবে তালিকাভুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি স্বাস্থ্য ও কল্যাণ, মানসম্পন্ন শিক্ষা, লিঙ্গ সমতা, মর্যাদাপূর্ণ কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

এই অর্জনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই স্বীকৃতি প্রমাণ করে, ঢাকার বাইরেও একটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণায় নেতৃত্ব দিতে পারে।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের পরিচালক প্রফেসর ড. এএইচএম রহমতুল্লাহ ইমন বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ১৭টি এসডিজি সূচকের মধ্যে ‘গুণগত শিক্ষা নিশ্চিতকরণ’ লক্ষ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এই ফলাফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং জ্ঞান সম্প্রসারণে গুণগত মান নিশ্চিত করার নিরলস প্রচেষ্টার প্রমাণ বহন করে। ভবিষ্যতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-এ আরও উপরে স্থান করে  নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।